বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশ নেওয়া বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রশিক্ষণার্থী কর্মকর্তারা এখন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের সদস্য। তাঁদের জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বৈমানিকদের প্রশিক্ষণ দিতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষকদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিক তৈরি হবে, যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের প্রশিক্ষণার্থী স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।
অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম কোর্সটির বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।