বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি ঢাকা ছাড়েন।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়্যাল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
নৌবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।