চট্টগ্রাম বন্দর চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া কন্টেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাস-কে দ্রুত ও সফলভাবে উদ্ধারের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র (লেটার অব অ্যাপ্রিসিয়েশন) দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম গ্রুপ/সিএনসি লাইন।
বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিএমএ সিজিএম গ্রুপের ফ্রান্সের সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (কিউএসএসই) মোরেও জেভিয়ার এবং ম্যানেজিং ডিরেক্টর (সিসিআইএসসি) অ্যাকার্ড ফ্রাঁসোয়া-জেভিয়ার যৌথভাবে স্বাক্ষরিত এ প্রশংসাপত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
প্রশংসাপত্রে বলা হয়, জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দ্রুত সাড়া, কার্যকর সমন্বয় এবং মেরিন বিভাগের কর্মকর্তাদের পেশাদারিত্বের কারণে জাহাজটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশেষ করে বন্দরের সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার এবং জ্যেষ্ঠ পাইলটদের নেতৃত্ব ও দক্ষতার প্রশংসা করা হয়।
এতে উদ্ধার অভিযানে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সিএমএ সিজিএম আরও জানায়, এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক খাতের সঙ্গে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদও ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলে নাব্যপথ অতিক্রমের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এমভি সিএনসি ইউরেনাস রিটেইনিং ওয়ালে আটকে পড়ে। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বিত উদ্ধার অভিযানে রাতের মধ্যেই জাহাজটিকে নিরাপদে ভাসিয়ে চ্যানেল সচল করা হয়।