চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজের সূচনা হচ্ছে আগামীকাল রবিবার (৩০ আগস্ট)।
চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রকল্প এলাকায় সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়িত হচ্ছে। এতে মোট বিনিয়োগের পরিমাণ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্রকল্পের আওতায় কনটেইনার ইয়ার্ড, জেটি, গেট, আধুনিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রস্তাবিত টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউএস। টার্মিনালে প্রায় ৬১৫ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে। পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির শোর-টু-শিপ (এসটিএস) ক্রেনসহ আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম স্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হবে। একই সঙ্গে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধিতেও টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।