বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলিপূর্বক ন্যস্ত করে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মো. আব্দুল মান্নান গত ১৭ মে ২০২৬ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাঁকে চেয়ারম্যান পদে প্রেষণে পদায়নের মাধ্যমে দায়িত্বটি আনুষ্ঠানিক করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।