চট্টগ্রামের কদমতলী রেলক্রসিংয়ে কোনো দৃশ্যমান সংকেত বা পূর্বসংকেত ছাড়াই বিশ্ববিদ্যালয় সান্টিং ট্রেন চলে আসায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বলেন, ট্রেনটি হঠাৎ রেলক্রসিংয়ে চলে আসায় সেখানে দায়িত্বে থাকা গেইটম্যানরা ব্যারিয়ার নামানোর প্রয়োজনীয় সময় পাননি। ট্রেনটি আসার বিষয়ে আগে থেকে কোনো তথ্য বা সতর্কবার্তাও তাদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
ওই সময় কদমতলী রেলক্রসিং দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছিলেন। ফলে মুহূর্তের মধ্যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো দুর্ঘটনা না ঘটায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, কদমতলী রেলক্রসিংয়ে এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। কোনো ধরনের পূর্বসংকেত ছাড়া ট্রেন চলাচলের ঘটনা পুনরাবৃত্তি হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ সমন্বয় ও সংকেত নিশ্চিত না করেই ট্রেনটি ক্রসিংয়ে প্রবেশ করানো হয়েছে।
জানা গেছে স্টেশন মাস্টার-৩ ম্যাক ডোনাল্টের খামখেয়ালির জন্যই এই ঘটনাটি ঘটেছে। তার সাথে এবিষয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলবেন না বলে জানান। যার কাছে ইচ্ছে অভিযোগ দিতে বলেন তিনি। আরও বলেন, এসবে তার কিছু যায় আসে না।
বিষয়টি সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমানকে জানানো হলে তিনি বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এবিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইসময়ে চট্টগ্রাম রেলওয়ে গিয়ে স্টেশন মাস্টারকে তার কক্ষে পাওয়া যায়নি।