বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁদুনে গ্যাস আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় টিয়ার গ্যাস সেলবাহী একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়।
বন্দর ও কাস্টমসের কাজ শেষ করে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয় বলে জানান বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন।
তিনি বলেন, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে দুই দশমিক শূন্য তিন টন কাঁদুনে গ্যাস আনা হয়েছে।
তিনি বলেন, রবিবার চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) পাঠানো হবে।
চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
রুহুল আমিন বলেন, কাঁদুনে গ্যাসের চালানটি নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছানো হয়েছে।